প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০১, ২০২৬, ৫:০৬ এ.এম
হলি আর্টিজান ট্র্যাজেডির এক দশক
অ-অ+
অনলাইন ডেস্ক:
আজ ১ জুলাই, বাংলাদেশের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়—গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ১০ বছর পূর্তি। ২০১৬ সালের এই দিনে রাজধানীর অভিজাত এই রেস্তোরাঁটিতে সশস্ত্র জঙ্গিরা অতর্কিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে রাখে, যা পরবর্তী সময়ে ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নেয়। ওই নৃশংস হামলায় ১৮ জন বিদেশি নাগরিকসহ মোট ২২ জন নিহত হন। জিম্মিদের উদ্ধার করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই কর্মকর্তাও শহিদ হন। ২০১৯ সালে এই মামলার রায়ে বিচারিক আদালত সাত আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আপিল শুনানি শেষে ২০২৩ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট সেই সাজা সংশোধন করে সাতজনকেই আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। হাইকোর্টের রায়ে বলা হয়, দণ্ডপ্রাপ্তরা সরাসরি উপস্থিত না থাকলেও ষড়যন্ত্র ও ঘটনায় সহায়তা করেছিলেন, যা সন্দেহাতীতভাবে প্রমাণিত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসলাম হোসেন ওরফে র্যাশ গত বছর কারাগারে পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন। বর্তমানে বাকি ছয়জন আসামি কারাগারে সাজা ভোগ করছেন। তবে দণ্ডপ্রাপ্তরা তাদের খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে আপিল করেছেন, যা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। দশ বছর পার হয়ে গেলেও এই মামলার চূড়ান্ত ফয়সালা না হওয়ায় বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more