প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০১, ২০২৬, ১:৪৫ পি.এম
জামালপুরে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি
অ-অ+
অনলাইন ডেস্ক:
জামালপুর পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় জানালার গ্রিল কেটে এক বিচারক দম্পতির ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতের কোনো এক সময় এই চুরির ঘটনাটি ঘটে। ভুক্তভোগী বিচারক দম্পতি হলেন আহমাদুল কবির সাকিল ও নুসরাত জেরিন জেনি, যারা জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের মেলান্দহ ও দেওয়ানগঞ্জ কোর্টে সিভিল জজ হিসেবে কর্মরত আছেন। তারা দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের তিনতলা ভবনের তৃতীয় তলায় গত সাত মাস ধরে ভাড়া থাকছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিচারক আহমাদুল কবির সাকিল স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। চোরেরা এ সময় একটি হীরার আংটি, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ভবনটির মালিক আনোয়ার হোসেন জানান, তিনতলা ভবনটিতে পাঁচটি ইউনিট রয়েছে এবং এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। ভবনের সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা অচল অবস্থায় রয়েছে, যার ফলে এটি পরিকল্পিত চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে জামালপুর থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে নাজির বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more