ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের আগে ‘সাধ্যের বাস্তবতায়’ হলান্ড
Date: 2026-07-01
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০১, ২০২৬, ২:১০ পি.এম
ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের আগে ‘সাধ্যের বাস্তবতায়’ হলান্ড
অ-অ+
অনলাইন ডেস্ক:
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ফুটবল ইতিহাসের পরিসংখ্যানটা বেশ চমকপ্রদ। ব্রাজিল এখন পর্যন্ত কখনোই নরওয়েকে হারাতে পারেনি। এই সমৃদ্ধ ইতিহাস ও অতীতের পরিসংখ্যান সত্ত্বেও আসন্ন ‘ডু অর ডাই’ নকআউট ম্যাচে ব্রাজিলকে হারানোর ব্যাপারে বেশ সতর্ক নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। আগামী ৫ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। মাঠের লড়াইয়ের আগে হলান্ড সরাসরি জানিয়ে দিয়েছেন, বর্তমান ছন্দে থাকা ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনা ‘খুবই ক্ষীণ’। নরওয়ে ও ব্রাজিলের ফুটবল দ্বৈরথের গল্প বেশ পুরোনো এবং তা সম্পূর্ণভাবে ভাইকিংসদের পক্ষে। দুই দলের চারবারের দেখায় নরওয়ের জয় দুটি, আর বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে রোনালদো, রিভালদো ও কাফুদের নিয়ে গড়া শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারানোর স্মৃতি ফুটবলপ্রেমীদের এখনো মনে আছে। এমনকি ২০০৬ সালের শেষ প্রীতি ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছিল। ২৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর এবারই প্রথম নরওয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে নিজেদের অবস্থান তৈরি করাকে তারা একটি বড় অর্জন হিসেবে দেখছে। হলান্ড বলেন, ‘২৮ বছর পর প্রথমবারের মতো আমরা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছি এবং নকআউট পর্বে উঠেছি। এখন থেকে যা-ই হবে, তা আমাদের জন্য বাড়তি প্রাপ্তি’। ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজেয় রেকর্ড ধরে রেখে নরওয়ে কি নতুন কোনো রূপকথা লিখতে পারবে, নাকি নেইমার-ভিনিসিয়ুসদের ব্রাজিল তাদের অতীতের সমীকরণ চূর্ণ করে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটবে—তার উত্তরের জন্য ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও চার দিন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more