প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৫, ২০২৬, ৬:১৩ এ.এম
শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার সুরের মূর্ছনা
অ-অ+
অনলাইন ডেস্ক:
শ্রাবণের এক বৃষ্টিমুখর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার প্রথম পূর্ণাঙ্গ একক কনসার্ট। ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ শিরোনামের এই জমকালো আয়োজনে ২৭ থেকে ৭৭ বছর বয়সী বিভিন্ন প্রজন্মের ৭০০ দর্শকের উপস্থিতি পুরো মিলনায়তনকে মুখরিত করে তোলে। টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই সব আসন বিক্রি হয়ে যাওয়ায় এই আয়োজন নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মঞ্চে উঠে দেশের প্রতি সম্মান জানিয়ে দেশাত্মবোধক গান দিয়ে নিজের পরিবেশনা শুরু করেন এই কিংবদন্তি শিল্পী। দীর্ঘ ৬২ বছরের বর্ণাঢ্য সংগীতজীবনে গাওয়া ‘শিল্পী আমি’, ‘যখন থামবে কোলাহল’, ‘গানেরই খাতায়’ ও ‘বন্ধু তিন দিন’-এর মতো শ্রোতৃপ্রিয় ১১টি গান একে একে পরিবেশন করেন তিনি। প্রথমবারের মতো মঞ্চে গায় নজরুলসংগীত ‘ভুলিতে পারি না’। এ ছাড়া দর্শকদের বিশেষ অনুরোধে কনসার্টের শেষাংশে ‘দমাদম মাস্ত কালান্দার’ গেয়ে প্রায় দেড় ঘণ্টার এই মনোজ্ঞ আসরের সমাপ্তি টানেন।
গানের পাশাপাশি নিজের সংগীতজীবনের নানা স্মৃতিচারণ এবং মজার অভিজ্ঞতা শেয়ার করে দর্শকদের মুগ্ধ করেন রুনা লায়লা। মাত্র ছয় বছর বয়সে করাচিতে বড় বোনের বদলে হঠাৎ মঞ্চে উঠে গান গাওয়ার শুরুর গল্পটিও তিনি শোনান। ১৮টি ভাষায় দশ হাজারের বেশি গান গেয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই শিল্পীর পরিবেশনা শেষে তাঁকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কনসার্ট থেকে প্রাপ্ত টিকিট বিক্রির সমস্ত অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more