রাষ্ট্রপতি চুপ্পুকে বিদেশে পালাতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
Date: 2026-07-25
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৫, ২০২৬, ১:৪১ এ.এম
রাষ্ট্রপতি চুপ্পুকে বিদেশে পালাতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন যাতে কোনো অবস্থাতেই ‘সেফ এক্সিট’ বা বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি অবিলম্বে এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাতে নেত্রকোনা শহরের পুরোনো কালেক্টরাল মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আজকে আমরা খবর দেখেছি যে রাষ্ট্রপতি তাঁর শারীরিক অবস্থার কথা বলে পদত্যাগ করেছেন। কিন্তু এর পেছনের মূল খেলাটি কী, তা আমরা জানি। বিএনপি সরকার তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ীই এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে।”
তিনি আরও বলেন, এই সরকার নির্বাচিত হওয়ার পরপরই ফ্যাসিস্টের দোসর ও দুর্নীতিবাজ এই রাষ্ট্রপতিকে পদত্যাগের সুযোগ না দিয়ে বরং সরাসরি অপসারণ করে গ্রেপ্তার করা উচিত ছিল। শারীরিক অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাতে তাঁকে যেন কোনো প্রকার ছাড় বা বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া না হয়, সে বিষয়ে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
এ সময় বর্তমান সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “বিএনপির স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু তারা এখন ৩১ দফা, জুলাই সনদ, সংস্কার এবং বিচার—সব প্রতিশ্রুতি ভুলে গেছে। বর্তমানে তাদের প্রধান স্লোগান হয়ে দাঁড়িয়েছে—সবার আগে ক্ষমতা, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারি।”
এর আগে সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া স্টেশন মাঠে আয়োজিত অন্য এক পথসভায় হাওরাঞ্চলের সমস্যার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরাঞ্চলকে নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা গ্রহণ করা উচিত। অপরিকল্পিত সহায়তার বদলে সেখানে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যসম্পদ ও পর্যটনশিল্পের পরিকল্পিত বিকাশের মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে সমৃদ্ধ করার ওপর জোর দেন তিনি।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, “পুলিশ, বিচারব্যবস্থা ও সংবিধানের যথাযথ সংস্কার না হলে গণ–অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ মূল্যহীন হয়ে পড়বে। জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং এ দেশে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না।”
নেত্রকোনা জেলা এনসিপির আহ্বায়ক ইফতেকার শামীমের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্যসচিব মো. ফাহিম রহমান খান পাঠানের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রীতম সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more