অনলাইন ডেক্স:
রাজধানী ঢাকায় পৃথক ঘটনায় এক রাতেই পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ)
রাতে সড়ক দুর্ঘটনা ও সংঘর্ষে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইন্স ল্যাবরেটরি মোড় এলাকায় ট্রাকের ধাক্কায়
মোটরসাইকেল থেকে পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাজু আক্তার সুমন (৪৭)
ও তার মেয়ে সুমাইয়া আক্তার (২০)। তারা নিউমার্কেট এলাকায় ঈদের কেনাকাটা করতে এসেছিলেন।
দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত
ঘোষণা করেন।
পুলিশ জানায়, সুমাইয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
তাদের বাড়ি রাজধানীর দক্ষিণ শাজাহানপুর এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি জব্দ
করে চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
অন্যদিকে একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ
হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে চালকসহ দুজন নিহত হন। নিহতরা হলেন যাত্রী হারুনুর
রহমান সানি (৩২) ও অটোরিকশা চালক আলিম (৫০)। দুর্ঘটনায় আহত হয়েছেন সানির স্ত্রী বৃষ্টি
আক্তার (২৬) ও তার বোন হ্যাপি (২১)। তাদেরও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সানি বনানীর একটি এজেন্সিতে চাকরি করতেন এবং পরিবার
নিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
এদিকে একই রাতে তেজগাঁও সোনারগাঁও ক্রসিং এলাকায় দুই পথশিশুর মধ্যে বিরোধের জেরে
ময়জুল ওরফে কালু (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। জানা গেছে, মাদক সেবনকে কেন্দ্র করে
আরেক কিশোর হামিদুলের সঙ্গে তার ঝগড়া বাধে। একপর্যায়ে হামিদুল কাঁচের টুকরা দিয়ে ময়জুলের
মাথা ও ঘাড়ে আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা
করেন। পরে স্থানীয়রা অভিযুক্ত হামিদুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তেজগাঁও থানা
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে।
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/সুমাইয়া শিমু