নলছিটিতে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের প্রমাণ মেলেনি

Date: 2026-03-17
news-banner

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে।
গত ১৪ মার্চ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠায় সেদিন ঘটনাস্থলে গিয়ে কয়েকজন সাংবাদিক বরাদ্দকৃত চাল ও উপকারভোগীদের তালিকা যাচাই করেন। যাচাই-বাছাইয়ে কোনো ধরনের গড়মিল পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোল্লারহাট ইউনিয়নের ২ হাজার ৩১৭ জন উপকারভোগীর জন্য মোট ২৪.১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। পরে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ট্যাগ অফিসার, সংসদ সদস্যের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল আমিন মোল্যা দায়িত্ব পালন করেন। এ সময় ২ হাজার ৪১৭ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে মোট ২৪.১৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
বিতরণ শেষে উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিরা ইউনিয়নের অফিসিয়াল প্যাডে স্বাক্ষর করে জানান, বরাদ্দকৃত সব চাল যথাযথভাবে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে সরকারি বিভিন্ন সংস্থার তদন্তেও কোনো অনিয়মের প্রমাণ মেলেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে অভিযোগ প্রসঙ্গে প্রশাসক মো. আল আমিন মোল্যা বলেন, কিছু ব্যক্তি অনৈতিক সুবিধা চাইলে তা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ ছড়িয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

Leave Your Comments