নিখোঁজ ৪ স্কুলছাত্রী: পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্য

Date: 2026-05-11
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের চার স্কুলছাত্রী গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১০ মে (রবিবার) সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফিরে আসেনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রীদের সন্ধানে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৫৫৮) করা হয়েছে।

নিখোঁজ ছাত্রীরা হলো: সানজিদা আক্তার (১২), পিতা- আঃ মন্নান গাজী, আয়শা আক্তার (১৩), পিতা- মোঃ আলী হোসেন, ইসমত জেরিন সাজনিন (১২), পিতা- খোকন সরদার ও সনজিদা আক্তার রায়সা (১৪), পিতা- মোঃ আল আমিন।

তারা সবাই বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত ১০ মে সকাল আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ওই চার শিক্ষার্থী নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। স্কুল ছুটির দীর্ঘ সময় পার হওয়ার পরও তারা বাড়িতে না ফেরায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন। পরে তারা স্কুল ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান পাননি। চাঞ্চল্যকর তথ্য হলো, একই এলাকার ৪ বান্ধবী একই সময়ে নিখোঁজ হওয়ায় বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে।

বাউফল থানার ডিউটি অফিসার খোকন দেবনাথ সাধারণ ডায়েরিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ডায়েরি সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) মোঃ গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, পরিবারের সদস্যদের পক্ষ থেকে এই চার ছাত্রীর সন্ধানের জন্য নিকটস্থ থানা অথবা বাউফল থানার তদন্ত কর্মকর্তার মোবাইল নম্বরে (০১৭৪০৯০৩০২০) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

তথ্য- বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ

tdepJW2.jpeg

Leave Your Comments