নিখোঁজের ৪০ বছর পর ফিরে পেলো পরিবার

Date: 2026-02-25
news-banner

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা:

কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এক বিরল ও আবেগঘন ঘটনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রায় ৪০ বছর আগে নিখোঁজ হওয়া ইমাদুল গাইন হঠাৎ করেই নিজ বাড়িতে ফিরে এসেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাকে বাড়িতে প্রবেশ করতে দেখে পরিবারের সদস্যরা প্রথমে হতবাক হয়ে যান। পরে নিশ্চিত হলে শুরু হয় আনন্দ আর কান্নার মিশ্র প্রতিক্রিয়া। স্বজনরা তাকে জড়িয়ে ধরে আবেগে ভেঙে পড়েন। অনেকেই বলছেন, এত বছর পর তাকে ফিরে পাওয়া যেন অলৌকিক ঘটনা।

স্থানীয় সূত্র জানায়, বহু বছর আগে অজানা কারণে ইমাদুল গাইন নিখোঁজ হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিবার তার অপেক্ষা পুরোপুরি ছাড়তে পারেনি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল মঙ্গলবার বিকেলে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। আশপাশের এলাকা থেকেও মানুষ তাকে এক নজর দেখতে ভিড় করেন। এলাকাবাসীর মতে, এমন ঘটনা সত্যিই বিরল এবং এটি গ্রামের মানুষের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

তবে এতদিন তিনি কোথায় ছিলেন এবং কীভাবে ফিরে এলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিবার জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর তাকে ফিরে পাওয়া তাদের জন্য পরম আনন্দের।

Leave Your Comments