নারী গ্রাম পুলিশ নিয়োগ দিবে বর্তমান সরকার

Date: 2026-05-11
news-banner

অনলাইন ডেস্ক:
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে গ্রাম পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা, নারী ও শিশু সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
সোমবার (১১ মে) সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালি দায়ারত্নেসহ চার সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
বৈঠকে গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, এর অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও কম খরচে বিচারপ্রাপ্তি নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে গ্রাম আদালত ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয়ভাবে দ্রুত বিরোধ মীমাংসা হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং উচ্চ আদালতের ওপর চাপও হ্রাস পাবে।
নারী গ্রাম পুলিশ সদস্য নিয়োগের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের সম্পৃক্ততা বাড়লে স্থানীয় সরকার ব্যবস্থায় অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং সামাজিক বিভিন্ন সমস্যায় কার্যকর সহায়তা দেওয়া সহজ হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


তথ্য-জাগোবিডি/
বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments