ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশেরকুন্ডু গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামার লাঠির আঘাতে আবু বকর (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পৈতৃক জমিজমা ও বিরোধপূর্ণ জমির বাঁশ কাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত মঙ্গলবার রাতে মামা সিরু মিয়ার সঙ্গে আবু বকরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মামা সিরু মিয়া ক্ষিপ্ত হয়ে ভাগ্নে আবু বকরের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তবে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত মামলা দায়ের হয়নি। তবে ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়ের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ আশ্বস্ত করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more