জাতীয় নির্বাচনে সারাদেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

Date: 2026-02-04
news-banner

অনলাইন ডেক্স:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে দায়িত্ব পালনের জন্য ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচনি আচরণবিধি তদারকির পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্স-বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করবেন তারা।

এ বিষয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তারা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন। দায়িত্ব পালনের আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে তাদের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন। মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


তথ্য-বিডিনিউজ

বিডিফেস/এম ডিউক

Leave Your Comments