অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান
বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা টেকসই করতে জনগণের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত
করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি মনে করেন, জনগণের আস্থা ছাড়া কোনো আইনশৃঙ্খলা
বাহিনী কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে না। শনিবার (৯মে) পুলিশ সপ্তাহ
২০২৬ উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর দেশে একটি অবাধ ও
নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন জনগণ ভয় ও অনিশ্চয়তামুক্ত
সমাজ প্রত্যাশা করে, যেখানে গুম, অপহরণ, নির্যাতন কিংবা হয়রানির আশঙ্কা থাকবে না। তিনি বলেন- জনগণের জানমাল রক্ষা,
অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে এ দায়িত্ব পালনে পেশাদারিত্বের পাশাপাশি মানবিক আচরণও জরুরি। বর্তমান সরকার একটি
ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে। নিরাপদ সামাজিক পরিবেশ ছাড়া উন্নয়ন ও
গণতন্ত্রের লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের প্রতি
জনগণের আস্থা পুনর্গঠনকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পুলিশ সদস্যদের তিনি বলেন-
সাম্প্রতিক জাতীয় নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পুলিশ তাদের সক্ষমতার প্রমাণ
দিয়েছে। উপযুক্ত পরিবেশ পেলে বাহিনী দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে পারে বলেও
মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন- আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ পুলিশের অবদান
ভাবমূর্তি উজ্জ্বল করেছে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশের আধুনিকায়ন
ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন- মাদক, কিশোর
গ্যাং ও মব সহিংসতার মতো সামাজিক অপরাধ মোকাবিলায় পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা
পালন করতে হবে। একই সঙ্গে জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান
তিনি। প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ
২০২৬ উপলক্ষে পুলিশ বাহিনীর সকল সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং
বাহিনীর সার্বিক উন্নতি ও সফলতা কামনা করেন। তথ্য-জাগোবিডি বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more