গলাচিপায় ৫০ লাখ রেনুপোনা জব্দ, ট্রাক আটক

Date: 2026-05-20
news-banner

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৫০ লাখ পিস গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করা হয়েছে। এ সময় রেনুপোনা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও ৪০টি ড্রাম আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঢাকা মেট্রো ড-১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ রেনুপোনা উদ্ধার করা হয়। জব্দ করা রেনুপোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক, হেলপার এবং সঙ্গে থাকা ৪ থেকে ৫ জন শ্রমিক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা রেনুপোনা ও ট্রাকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অবৈধভাবে রেনুপোনা আহরণ ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
মৎস্যসম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave Your Comments