ঢাকায় ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি: ডিএমপি

Date: 2026-03-19
news-banner

অনলাইন ডেস্ক:
রাজধানী ঢাকায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১২১টি ঈদগাহ ও ১,৫৯৯টি মসজিদে মোট ১,৭২০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এসব তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি শুরু হবে সকাল ৭টায়।
এছাড়া আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন ঢাকায় তিনটি ঈদ জামাত এবং শিয়া সম্প্রদায়ের আটটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ রাজধানীর সব ঈদ জামাতের স্থানে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহে বহুমাত্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হবে এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে।
তিনি আরও বলেন, ঈদগাহ এলাকায় প্রবেশের প্রধান সড়কগুলোতে ব্যারিকেড বসানো হবে, যাতে অননুমোদিত যানবাহন প্রবেশ করতে না পারে। পাশাপাশি পুলিশি টহল, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সোয়াট ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নারী মুসল্লিদের জন্য পৃথক প্রবেশপথ ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, জিরো পয়েন্ট, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব এলাকা, মৎস্যভবনসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাইভারশন থাকবে। নির্ধারিত স্থান ছাড়া কোথাও গাড়ি পার্ক না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে তল্লাশিতে সহযোগিতা করতে হবে এবং কোনো ব্যাগ বা সন্দেহজনক বস্তু সঙ্গে না আনার আহ্বান জানান। সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোরও অনুরোধ করা হয়। ঈদ উপলক্ষে রাজধানীতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং সড়কে অতিরিক্ত গতির বিরুদ্ধে অভিযানও জোরদার করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।
তথ্য- বিডিপ্রতিদিন
বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments