বাউফলে মধ্যরাতের অগ্নিকাণ্ডে গ্যারেজ পুড়ে ছাই, ৫ লাখ টাকার ক্ষতি
Date: 2026-07-16
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২৬, ৫:২০ পি.এম
বাউফলে মধ্যরাতের অগ্নিকাণ্ডে গ্যারেজ পুড়ে ছাই, ৫ লাখ টাকার ক্ষতি
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রাজনৈতিক কার্যালয়, অটোরিকশা, মোটরসাইকেল এবং একটি মুরগির খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে রহস্য ও ক্ষোভ।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মধ্যে কাছিপাড়া গ্রামের মোঃ: লালমিয়া তালুকদারের ছেলে মোঃ নয়ন তালুকদারের গ্যারেজে ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মো. নয়ন তালুকদার জানান, ২০২৪ সালে বাড়ি ফিরে ধারদেনা ও ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনেছিলেন তিনি। পাশাপাশি সংসারের আয় বাড়াতে ১৫০ থেকে ২০০ মুরগির একটি খামার গড়ে তোলেন তিনি। প্রতিদিনের মতো ঘটনার রাতেও অটোরিকশাটি গ্যারেজে রেখে বিদ্যুতের সুইচ বন্ধ করে বাড়িতে যান। রাত আনুমানিক দেড়টার দিকে খবর পান, তার গ্যারেজে আগুন লেগেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, গ্যারেজে থাকা তার অটোরিকশা, চাচাতো ভাইয়ের একটি মোটরসাইকেল, গ্যারেজের পাশে থাকা মুরগির ঘর এবং জাতীয় নির্বাচনের সময় উদ্বোধন করা নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রা খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয় নয়ন তালুকদার আরো জানান, “ঋণের টাকায় কেনা অটোরিকশা আর মুরগির খামারই ছিল আমার বেঁচে থাকার শেষ সম্বল। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল, তখন কেউ পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বলে আমার সন্দেহ। পেট্রোল না হলে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়া সম্ভব ছিল না।”
প্রতিবেশী মামুন প্যাদা বলেন, “আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল না। নয়ন খুবই শান্ত প্রকৃতির ছেলে। অটোরিকশা চালিয়ে ও মুরগির খামার করে কোনোমতে সংসার চালাত। আমাদের ধারণা, এটি একটি পরিকল্পিত ঘটনা।” এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more