প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৭, ২০২৬, ১২:৫৩ পি.এম
বন্যা এড়াতে শনিবার খোলা হচ্ছে ১৬টি জলকপাট
অ-অ+
অনলাইন ডেস্ক:
টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপজ্জনকভাবে বাড়ছে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর। হ্রদের ধারণক্ষমতার কাছাকাছি পানি পৌঁছে যাওয়ায় বড় ধরনের বন্যা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। আগামীকাল শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর যেকোনো মুহূর্তে বাঁধের ১৬টি স্পিলওয়ে (জলকপাট) আংশিক খুলে দেওয়া হবে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানিয়েছে, বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএলে (মিন সি লেভেল) এসে ঠেকেছে, যেখানে লেকটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পাহাড়ি ঢলের তীব্রতা অব্যাহত থাকায় পানি দ্রুত বাড়ছে, যার ফলে বাঁধের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, শনিবার বেলা ১১টার পর স্পিলওয়ের ১৬টি গেটই একসঙ্গে ৬ ইঞ্চি করে ওপরে তোলা হবে। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়বে। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, আবহাওয়ার গতিপ্রকৃতি এবং হ্রদে পানির প্রবেশ বা ইনফ্লো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির তীব্রতা বুঝে জলকপাট খোলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। এমনকি পাহাড়ি ঢলের বেগ যদি আরও বৃদ্ধি পায়, তবে পরবর্তীতে গেটগুলো আরও বেশি খুলে দিয়ে পানি নিষ্কাশনের গতি বাড়ানো হতে পারে। এদিকে, হ্রদের এই বিপুল জলরাশিকে কাজে লাগিয়ে বর্তমানে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের সচল ৫টি ইউনিট থেকে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই কেন্দ্রগুলোর মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি নদীপথে প্রবাহিত হচ্ছে।
হ্রদের জলকপাট একযোগে খুলে দেওয়ার সিদ্ধান্তের পর কর্ণফুলী নদীর অববাহিকা এবং তীরবর্তী নিচু অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে ও সতর্ক অবস্থায় থাকার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more