বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা;
সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে শুরু হয়েছে
তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬। বুধবার (২০ মে) সকাল ১০টায় দেশব্যাপী আয়োজিত কর্মসূচির
অংশ হিসেবে একযোগে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। আয়োজকরা জানান, ভূমি সেবাকে আরও সহজ,
স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই
এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান
করা হচ্ছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি
বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি
সেবাগ্রহীতারাও অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খতিয়ান,
অনলাইন সেবা ও ভূমি আইন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন
দিনব্যাপী এ মেলায় সাধারণ মানুষ সরাসরি ভূমি অফিসের বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন।
পাশাপাশি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব
দেওয়া হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more