বাউফলে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষক নির্বাচন, লটারিতে বিজয়ী ২৫৫

Date: 2026-05-14
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর বাউফলে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আওতায় লটারির মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলায় চলতি মৌসুমে ৭৬৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যে ধান বিক্রয়ে আগ্রহী ৭৫০ জন কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ২৫৫ জন কৃষককে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়াও ৫০ জন কৃষককে নিয়ে একটি অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা হয়েছে।
বুধবার দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ লটারির আয়োজন করা হয়। প্রাপ্ত কৃষকদের তালিকা থেকে স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় কৃষকদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ লটারির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিয়া, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নুরুল্লাহ এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাকসুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আসন্ন আমন মৌসুমেও সরকারি ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রয়েছে। আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মান বজায় রেখে ধান সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কৃষকদের অভিযোগ ও ভোগান্তি কমাতে পুরো নির্বাচন প্রক্রিয়া উন্মুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave Your Comments