বাউফলে প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্বৃত্তদের হামলা

Date: 2026-03-12
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক মো. হারুন অর রশিদের বসতবাড়িতে গভীর রাতে হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাউফল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাংবাদিক হারুন অর রশিদের স্ত্রী ইশরাত জাহান জানান, ব্যক্তিগত কাজে তার স্বামী বাড়ির বাইরে ছিলেন। তিনি অসুস্থ ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির জানালা ও দরজার কপাট ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে। শব্দে তার ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।gQ1eoZ9.jpeg
সাংবাদিক মো. হারুন অর রশিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।” তিনি আরও জানান, এর আগেও দুর্বৃত্তরা তার বাড়ির পানির ট্যাংকি, টিউবওয়েলের হ্যান্ডেল এবং বাসার সামনে রাখা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত লোহার ফ্রেম, রড ও টিন নিয়ে গেছে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave Your Comments