বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলার এক
যুবক এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। লিভার ক্যান্সারে আক্রান্ত ৩১ বছর বয়সী জহিরুল ইসলাম
বাঁচার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষের সহানুভূতি আর সহায়তার আশায়।
জহিরুল উপজেলার নওমালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, প্রয়াত
আলতাফ হোসেনের ছেলে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত
ছিলেন তিনি। চার বছর আগে বাবার মৃত্যুর পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন
জহিরুল। মাকে নিয়ে চলছিল তাদের ছোট্ট সংসার।
২০২৫ সালের শুরুতে হঠাৎ জ্বর, তীব্র পেটব্যথা, আমাশা ও শারীরিক দুর্বলতায়
অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় চিকিৎসা শেষে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও
অবস্থার উন্নতি হয়নি। পরে তিনি চিকিৎসা নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ।
ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক বিধান চন্দ্র দাসের তত্ত্বাবধানে পরীক্ষায় ধরা পড়ে তার
লিভার ক্যান্সার।
পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রায় দুই মাস চিকিৎসা
চললেও অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা তাকে ভারতের হায়দরাবাদের একটি ক্যান্সার হাসপাতালে
নেওয়ার পরামর্শ দেন। তবে ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি।
শেষ আশায় গত ২৬ আগস্ট তিনি চীনের ফুদা ক্যান্সার হাসপাতাল-এ চিকিৎসা
নেন। সেখানে এক মাসে ব্যয় হয় প্রায় ৩২ লাখ টাকা। এই অর্থ জোগাড় করতে পরিবারের একমাত্র
বসতভিটা বিক্রি করতে হয়েছে। তবুও পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ করা যায়নি। বর্তমানে অর্থাভাবে
বন্ধ রয়েছে প্রয়োজনীয় কেমোথেরাপি ও নিয়মিত ওষুধ।
চিকিৎসকদের মতে, আরও তিনটি কেমোথেরাপি, নিয়মিত ওষুধ সেবন এবং পুনরায়
চীনে উন্নত চিকিৎসা নিলে তার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। অথচ প্রতিদিনের ওষুধেই প্রয়োজন
প্রায় ৩ হাজার ২০০ টাকা, যা জোগাড় করাও এখন পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
বর্তমানে জহিরুল বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে
বোনজামাই মনজুরুল আলমের বাড়িতে অবস্থান করছেন। শয্যার পাশে বসে তার মা মমিন নেচ্ছা
কান্নাজড়িত কণ্ঠে বলেন, চোখের সামনে ছেলেকে ধীরে ধীরে নিভে যেতে দেখছেন তিনি। সহায়তা
পেলে হয়তো আবার বাঁচার সুযোগ মিলতে পারে। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতাই
এখন জহিরুলের একমাত্র ভরসা।
জহিরুল ইসলামের চিকিৎসার জন্য সহায়তা পাঠাতে আগ্রহীরা- সাউথ বাংলা এগ্রিকালচার
অ্যান্ড কমার্স ব্যাংক, পান্থপথ শাখা, ঢাকা, হিসাব নম্বর: ০০৫০১২০০১২৯০৪ (হিসাব নাম:
জহিরুল ইসলাম),বিকাশ ও নগদ নম্বর: ০১৮৫৫৭৭৮৯৬৮
একটি জীবন বাঁচাতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।