অনলাইন ডেক্স:
আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে
সৃষ্ট বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। ভারতের মাটিতে খেলতে যেতে
অস্বীকৃতি জানানোর কারণে এবারের আসরে নেই বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে তৎকালীন
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন, বাংলাদেশের বিশ্বকাপে না খেলা সরকারের সিদ্ধান্ত।
পরে তিনি বক্তব্য পরিবর্তন করে বলেন, এটি সরকারের নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি) ও ক্রিকেটারদের যৌথ সিদ্ধান্ত ছিল।
শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির
সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “এভাবে
মিথ্যা কথা বলা হবে, এটা ভাবিনি। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক,
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা
বলবেন-এটা আমরা মেনে নিতে পারছি না।”তিনি আরও দাবি করেন, দলের দুইজন খেলোয়াড় গুরুতর
অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পাঁচ দিন তাদের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে ‘অদম্য কাপ’
টুর্নামেন্টের মাধ্যমে তাদের মাঠে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে
আসিফ নজরুল বলেন, “কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ও খেলোয়াড়েরা।
তারা দেশের ক্রিকেটের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য আত্মত্যাগ
করেছে।”বিশ্বকাপ ইস্যুতে সরকারের অবস্থান, বিসিবির ভূমিকা এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত
সব মিলিয়ে পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
তথ্য-বিডি প্রতিদিনি-এম ডিউক