অনলাইন ডেক্স:
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা
মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ
মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার জানান,
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন
থাকবে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরাও
দায়িত্ব পালন করবেন। শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে ভাষা শহীদদের প্রতি
শ্রদ্ধা জানানোর জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকার
কথা তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও
কোনো নিরাপত্তা শঙ্কা ছিল না। অমর একুশের অনুষ্ঠানেও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায়
থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সাধারণ দর্শনার্থীদের
পলাশী মোড়-জগন্নাথ হল ক্রসিং হয়ে নির্ধারিত রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশের নির্দেশনা
দেওয়া হয়েছে। অন্য কোনো পথ ব্যবহার করা যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং
হয়ে দোয়েল চত্বর অথবা চানখারপুল দিয়ে প্রস্থান করতে হবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, কেউ যেন কোনো ধরনের ধারালো
অস্ত্র, দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে শহীদ মিনার এলাকায় প্রবেশের চেষ্টা না
করেন। নির্ধারিত রুট অনুসরণ ও শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে সবাইকে সহযোগিতা করার আহ্বান
জানান তিনি। বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ট্রাফিক
নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে শুক্রবার সন্ধ্যার
পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে বলেও
জানান ডিএমপি কমিশনার।
তথ্য-বিডি-প্রতিদিন