অনলাইন ডেক্স:
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত
হোসেন বকুল বলেছেন, মানুষকে চিকিৎসার জন্য আর ডাক্তারের পেছনে ছোটাছুটি করতে হবে না;
বরং ডাক্তারই মানুষের কাছে পৌঁছে যাবে-এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই সরকারের
লক্ষ্য।
শুক্রবার দুপুরে মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের
নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে
দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসা সেবা
সহজলভ্য ও সার্বজনীন করতে সরকার কাজ করছে। তিনি বলেন, “মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে
হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে-এই মনমানসিকতা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।” বর্তমান
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে এ লক্ষ্য পূরণ সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত
করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, যারা সরকারকে ভোট দিয়েছেন এবং
যারা দেননি-সবার প্রতিই সমান দায়িত্ব রয়েছে। সকল প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের
চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নরসিংদীর স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি
জানান, জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এছাড়া ২৫০ শয্যা হাসপাতালসহ
যেসব হাসপাতাল এখনো চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। নরসিংদীতে দুটি
আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছার কথাও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা
প্রশাসক; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ; জেলা ও উপজেলা প্রশাসনের
কর্মকর্তারা এবং বিএনপির নেতৃবৃন্দ।
তথ্য-বিডি প্রতিদিন/ এম ডিউক