প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৩, ২০২৬, ৫:১৬ এ.এম
হোয়াটসঅ্যাপ হ্যাক: আতঙ্ক নয়, দ্রুত ব্যবস্থা নিন
অ-অ+
অনলাইন ডেস্ক:
দৈনন্দিন ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের জন্য কোটি কোটি মানুষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ওপর নির্ভর করছেন। তবে এই ব্যাপক জনপ্রিয়তার সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারক চক্র। ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট করার পাশাপাশি স্বজন বা বন্ধুদের কাছে অর্থ চেয়ে বড় ধরনের আর্থিক প্রতারণার ফাঁদও পেতে পারে তারা। এমন পরিস্থিতিতে ফোর্বসের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকাউন্ট হ্যাকের সামান্যতম সন্দেহ দেখা দিলেই আতঙ্কিত না হয়ে দ্রুত অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া এবং নিরাপত্তা জোরদার করা জরুরি। অ্যাকাউন্টে অস্বাভাবিক তৎপরতা, নিজের অজান্তেই বার্তা চলে যাওয়া, Read হওয়া, হঠাৎ ফোনে ওটিপি আসা, প্রোফাইল ছবি ও স্ট্যাটাস বদলে যাওয়া বা অপরিচিত ব্রাউজারে সংযোগের সংকেত পেলে ধরে নিতে হবে অ্যাকাউন্ট ঝুঁকিতে রয়েছে।
অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে তাৎক্ষণিকভাবে নিজ নম্বর দিয়ে পুনরায় লগইন করতে হবে এবং এসএমএসের মাধ্যমে আসা ভেরিফিকেশন কোড প্রবেশ করাতে হবে; এটি অন্য সব ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। নিয়ন্ত্রণ পাওয়ার পর প্রতারকের পাঠানো বার্তাগুলো দ্রুত মুছে ফেলতে হবে, চ্যাটবক্স পরীক্ষা করতে হবে এবং অপরিচিত ডিভাইস থাকলে 'Linked Devices' থেকে লগআউট করতে হবে। এছাড়া হ্যাকের শিকার হয়েছেন উল্লেখ করে স্বজন ও পরিচিতদের দ্রুত সামাজিক মাধ্যম বা অন্য উপায়ে সতর্ক করে দেওয়া আবশ্যক, যেন কেউ আর্থিক প্রতারণার শিকার না হন। ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে 'Settings' থেকে 'Two-Step Verification' সক্রিয় করে শক্তিশালী পিন কোড নির্ধারণ করা বাধ্যতামূলক। যদি প্রতারক পিন সেট করে থাকে, তবে কোনো কোড ছাড়া অ্যাকাউন্ট পুনরুদ্ধারে সাধারণত সাত দিন অপেক্ষা করতে হতে পারে। সামান্য অসচেতনতা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে, তাই সন্দেহজনক কার্যকলাপে দ্রুত পদক্ষেপ নেওয়াই সুরক্ষার প্রধান উপায়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more