খুলনায় মুড়ির প্যাকেটে রাখা ককটেল বিস্ফোরণে জামায়াত নেতা দগ্ধ
নভেম্বর ০৩, ২০২৬, ১:৫৪ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৩, ২০২৬, ১:৫৪ পি.এম
খুলনায় মুড়ির প্যাকেটে রাখা ককটেল বিস্ফোরণে জামায়াত নেতা দগ্ধ
অ-অ+
অনলাইন ডেস্ক:
খুলনার দিঘলিয়া উপজেলায় ঘরের দরজার সামনে পড়ে থাকা একটি মুড়ির প্যাকেট কুড়িয়ে নেওয়ার পর সংঘটিত ককটেল বিস্ফোরণে জামায়াতে ইসলামীর এক নেতা মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে সেনহাটী ইউনিয়নের কলেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম স্থানীয় সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি এবং পেশায় একজন মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম ভোরে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ঘরের দরজার সামনে একটি পলিথিনের ব্যাগ দেখতে পান। মুড়ির প্যাকেট সদৃশ ওই ব্যাগটি কেউ ভুল করে রেখে গেছেন মনে করে তিনি সেটি ঘরে নিয়ে হাত দিয়ে খোলার চেষ্টা করেন। এ সময় প্যাকেটের ভেতরে থাকা হাতবোমা বা ককটেলের হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় তার দুই হাত ও পায়ের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ার পাশাপাশি ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়।
পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুশফিকুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জানান, আহত নেতার ছোট ভাই স্থানীয় ওয়ার্ডে জামায়াত মনোনীত সদস্য পদপ্রার্থী। ধারণা করা হচ্ছে, ওই প্রার্থীকে ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোমাবোঝাই প্যাকেটটি রেখেছিল, যা ভুলবশত মনিরুল ইসলামের ঘরের সামনে পড়ে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more