প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৩, ২০২৬, ৪:৫২ এ.এম
ত্রাণকেন্দ্রে রুশ বোমা হামলা, নিহত ২৬
অ-অ+
অনলাইন ডেস্ক:
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গত সোমবার (২ নভেম্বর) জাপোরিঝিয়ার কমিশুভাখা গ্রামে মানবিক সহায়তা নিতে আসা বেসামরিক লোকজনের ওপর এই হামলা চালানো হয়। অঞ্চলটির স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই গ্রামটিতে একাধিক শক্তিশালী বোমা আঘাত হানার ফলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে এবং বহু মানুষ নিখোঁজ হন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে একটি জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর ভাষ্যমতে, মানবিক সহায়তার কাজে ব্যবহৃত একটি স্থানীয় স্কুলে প্রথম দফা আঘাত হানার পর, মানুষ যেখানে নিরাপদ আশ্রয়ের জন্য জড়ো হয়েছিল ঠিক সেই স্থানে দ্বিতীয়বার হামলা চালানো হয়। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, এই হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে দুজন উদ্ধারকারী কর্মী এবং চারজন পুলিশ সদস্যও রয়েছেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন যে, প্রতি সোমবার স্থানীয় বাসিন্দারা ওই কেন্দ্রে ত্রাণ নিতে আসেন— বিষয়টি রুশ বাহিনীর পূর্বেই জানা ছিল। শান্তি আলোচনার ঠিক আগে এ ধরনের হামলা প্রমাণ করে যে রাশিয়া সংঘাতের কোনো উত্তেজনা হ্রাস বা শান্তি চায় না। তবে এই ভয়াবহ বিমান হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more