প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১১, ২০২৬, ৬:০০ এ.এম
সুনামগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
অ-অ+
অনলাইন ডেস্ক:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল (৪৮) এবং তার সহযোগী ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আজিজুল হক (৪৮)। মাদকসহ গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা রুবেল উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি জামালগঞ্জ সদরের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করছেন। জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তির দেহ তল্লাশি করে মোট ১৯৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বহনের অপরাধে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
উপজেলা বিএনপির একজন দায়িত্বশীল নেতা মাদকসহ গ্রেপ্তারের পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দল কখনোই এই ধরনের অনৈতিক আচরণ প্রত্যাশা করে না। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর অভিযুক্ত নেতার পক্ষে দলীয়ভাবে কোনো ধরনের সুপারিশ করা হয়নি। বিষয়টি ইতিমধ্যে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more