সৈয়দপুরে কাটা হচ্ছে ৩৩ শতবর্ষী গাছ, রোপণ করা হবে ৫ হাজার চারা
Date: 2026-07-11
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১১, ২০২৬, ১২:০৪ পি.এম
সৈয়দপুরে কাটা হচ্ছে ৩৩ শতবর্ষী গাছ, রোপণ করা হবে ৫ হাজার চারা
অ-অ+
অনলাইন ডেস্ক:
নীলফামারীর সৈয়দপুর শহরে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ব্রিটিশ আমলে রোপণ করা ৩৩টি শতবর্ষী গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রংপুর বিভাগীয় বন বিভাগের অনুমতি মেলার পর এই গাছগুলো অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই গাছগুলোর বিপরীতে চলতি বর্ষা মৌসুমেই শহরজুড়ে ৫ হাজার নতুন গাছের চারা রোপণ করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ১৮৭০ সালে সৈয়দপুরে আসাম-বেঙ্গল রেলওয়ের বৃহত্তম কারখানা গড়ে তোলার সময় ইংরেজ কর্মকর্তা ও স্থানীয় শ্রমিকদের জন্য পরিকল্পিত এই শহর গড়ে তোলা হয়েছিল এবং সে সময়ই পুরো শহরজুড়ে প্রচুর বৃক্ষরোপণ করা হয়। বর্তমানে শহরের অফিসার্স কলোনি, সাহেবপাড়া, মিস্ত্রিপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রায় হাজারখানেক শতবর্ষী গাছ রয়েছে, যার একটি বড় অংশই রেইনট্রি। দীর্ঘ সময় পার হওয়ায় এর মধ্যে ৩৩টি গাছ প্রায় মৃত এবং গোড়া ভঙ্গুর হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে সামান্য বাতাসেই বেশ কিছু বড় গাছ এবং ডালপালা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। গত মে মাসে সৈয়দপুর বিমানবন্দর সড়কে এবং জুনের শেষে জিআরপি মোড়ে বিশাল গাছ উপড়ে পড়ে। সবশেষ গত শুক্রবার রাতেও লায়ন্স স্কুল ও কলেজের কাছে একটি শতবর্ষী পাকুরগাছের বড় ডাল ভেঙে পড়ে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়, যার ফলে গাছগুলো দ্রুত কেটে ফেলার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান স্থানীয় সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। সরকারি গাছ কাটার আইনি জটিলতা থাকায় সৈয়দপুর রেলওয়ে বিভাগের আবেদনের প্রেক্ষিতে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন অনুসন্ধান চালায় এবং এরপরই ঝুঁকিপূর্ণ ৩৩টি গাছ কাটার চূড়ান্ত অনুমতি দেওয়া হয়। বন বিভাগ থেকে তিন গুণ গাছ লাগানোর নিয়ম থাকলেও, রেলওয়ে কর্তৃপক্ষ পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে তারা তিন গুণেরও বেশি, অর্থাৎ প্রায় ৫ হাজার নতুন গাছের চারা এই বর্ষাতেই রোপণের সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুতই এই গাছ লাগানো কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more