প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১২, ২০২৬, ৫:২১ এ.এম
পুরনো সকেটে নতুন প্রসেসর আনছে ইনটেল
অ-অ+
অনলাইন ডেস্ক:
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে মেমোরি চিপের বাজারে ভয়াবহ ‘র্যাম সংকট’ দেখা দিয়েছে। এর ফলে র্যামের দাম সাধারণ গ্রাহকের নাগালের বাইরে চলে গেছে। এই আকাশচুম্বী দামের চাপ সামাল দিতে এবং গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে কম্পিউটার তৈরির সুযোগ করে দিতে আগামী বছর বাজারে আসতে যাওয়া নতুন প্রসেসরে পুরনো প্রযুক্তির সকেট ব্যবহারের পরিকল্পনা করছে চিপ নির্মাতা জায়ান্ট ইনটেল। প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম এনগ্যাজেট এবং পিসি গেইমারের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মাদারবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘গিগাবাইট’-এর তথ্যের ভিত্তিতে জানা গেছে, ইনটেল তাদের প্রায় পাঁচ বছরের পুরনো ‘এলজিএ ১৭০০’ (LGA 1700) সকেটের ওপর ভিত্তি করে নতুন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ২০২১ সাল থেকে ব্যবহৃত এই সকেটটি প্রসেসর প্রযুক্তির দুনিয়ায় বেশ পুরনো হিসেবে বিবেচিত হলেও এর একটি বড় সুবিধা হলো—এটি পুরনো ‘ডিডিআর৪’ (DDR4) এবং নতুন ‘ডিডিআর৫’ (DDR5) উভয় ধরনের র্যাম সমর্থন করে। বর্তমান বাজার দর অনুযায়ী, ডিডিআর৫ র্যামের তুলনায় ডিডিআর৪ র্যাম অনেক বেশি সাশ্রয়ী। উদাহরণস্বরূপ, বাজারে ৩২ জিবি ডিডিআর৪ র্যাম কিট প্রায় ২১০ ডলারে পাওয়া গেলেও সমপরিমাণ ডিডিআর৫ র্যাম কিটের দাম পড়ছে প্রায় ৪৮০ ডলার বা তারও বেশি।
ইনটেলের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো বিশ্ববাজারে র্যামের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা। কোম্পানিটির আগামীর ‘র্যাপ্টর লেক’ ও ‘অ্যাল্ডার লেক’ প্রসেসরের রিফ্রেশ সংস্করণগুলো ডিডিআর৪ র্যাম ব্যবহারের উপযোগী করে তৈরি করা হবে, যাতে গ্রাহকরা কম খরচে পিসি বিল্ড বা আপগ্রেড করতে পারেন। যদিও গতি ও কর্মসক্ষমতার দিক থেকে ডিডিআর৪ নতুন ডিডিআর৫-এর মতো দ্রুতগতির নয়, তবে বেশিরভাগ আধুনিক পিসি গেইম বা সাধারণ কাজ চালানোর জন্য এই পুরনো মেমোরি এখনও যথেষ্ট কার্যকর। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, ডিডিআর৪-এর পরিবর্তে ডিডিআর৫ ব্যবহার করলে গেইমের ফ্রেম রেটে মাত্র ১ থেকে ১০ শতাংশ উন্নতি ঘটে, যা ব্যবহারকারীর মনিটর রেজুলিউশন ও গ্রাফিক্স কার্ডের ওপর নির্ভর করে।
ইনটেল এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিস্তারিত কিছু নিশ্চিত করেনি। তবে সম্প্রতি কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট রবার্ট হ্যালক ইঙ্গিত দিয়েছেন যে, তাদের ‘র্যাপ্টর লেক’ চিপগুলো আরও কয়েক বছর বাজারে থাকবে এবং ডিডিআর৪ মেমোরি সমর্থনই এর অন্যতম প্রধান কারণ। তিনি উল্লেখ করেন, এলজিএ ১৭০০ এখনও বেশ ভালো সকেট এবং অনেকেই এখনও ডিডিআর৪ ব্যবহারে আগ্রহী, তাই ইনটেল বাজারে এর সরবরাহ ধরে রাখবে। এআই খাতের কারণে তৈরি হওয়া বৈশ্বিক র্যাম সংকট এবং দামের ঊর্ধ্বগতি বিবেচনায় ইনটেলের এই সিদ্ধান্তকে প্রযুক্তিবিদরা বাস্তবসম্মত ও গ্রাহকবান্ধব বলে মনে করছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more