এনসিপিতে যোগ দিলেন জামায়াতসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী
Date: 2026-10-03
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৩, ২০২৬, ৫:১৮ এ.এম
এনসিপিতে যোগ দিলেন জামায়াতসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী
অ-অ+
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সাতকানিয়ায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতাকর্মীসহ প্রায় তিন হাজার পেশাজীবী। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কেরানীহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি সাতকানিয়া শাখা আয়োজিত এক যোগদান কর্মসূচিতে নতুন এই রাজনৈতিক দলটিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়।
দলটিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসাক, প্রকৌশলী, ব্যবসায়ী, কবি-সাহিত্যিক, শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পরিচিত মুখদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আপ বাংলাদেশ, নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছেন। স্থানীয় ও কেন্দ্রীয় রাজনৈতিক বিশ্লেষকরা এই যোগদানকে তরুণ নির্ভর এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নতুন প্রজন্মকে দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানোর পাশাপাশি যে কোনো ধরনের চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের বার্তা দেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের দলীয় লক্ষ্য ও চট্টগ্রামের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনাইদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, দক্ষিণ জেলা সদস্যসচিব জুবায়েরুল আলম মানিক, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবায়ের আরিফসহ আরো অনেকে। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে বিশাল সংখ্যক এই পেশাজীবী ও নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়া এলাকাটিতে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more