বাউফলে আগুনে পুড়ল চার দোকান ও গোডাউন; ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাসুদ
Date: 2026-10-02
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০২, ২০২৬, ৩:৫৮ পি.এম
বাউফলে আগুনে পুড়ল চার দোকান ও গোডাউন; ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাসুদ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ভয়াবহ
অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার
(২ অক্টোবর) দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়নের গাজীর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানগুলোর
অধিকাংশ মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক
হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্থানীয়দের
দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত
ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো রমিজ মোল্লার (৫০) মুদি দোকান, শাহীন সিকদারের (৪৫) মুদি
দোকান, ফারুক খলিফার টেইলার্স এবং বশির সিকদারের (৫৫) ফার্মেসি। এ ছাড়া ইকবাল গাজীর
একটি গোডাউনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাউফল উপজেলা ফায়ার সার্ভিস
ও সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর (ওয়্যারহাউস) সাব্বির আহমেদ জানান, বাজারে তেলের
দোকান থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের
দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায়
সাড়ে পাঁচ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর
পেয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তাৎক্ষণিকভাবে ঘটনার
খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান। তিনি ক্ষতিগ্রস্তদের
পাশে থাকার আশ্বাস দেন। এমপির নির্দেশনায় কালাইয়া
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হাসনাইনের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ
ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের
পাশে থাকার আশ্বাস দেন। সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম
মাসুদ বলেন, “গাজীর বাজারের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির ঘটনায় আমি
অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাউফলকে এ ধরনের সব দুর্যোগ
ও বিপদ-আপদ থেকে হেফাজত করুন।” তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী
ও তাঁদের পরিবারের জন্য দোয়া করেন এবং তাঁদের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর
সাহায্য কামনা করেন। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে
ইসলামী বাউফল উপজেলা ও কালাইয়া ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত
ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, “আমাদের
সঙ্গে আল্লাহ আছেন এবং আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের সঙ্গে থাকব। আল্লাহ রাব্বুল
আলামিন আমাদের সবাইকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।”
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more