অনলাইন ডেস্ক:
মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো কক্ষপথে পাড়ি জমাচ্ছে স্পেসএক্সের 'স্টারশিপ ভি৩' রকেট। আগামী ২৮ সেপ্টেম্বর নির্ধারিত এই অভিযানে শক্তিশালী এই রকেটের মাধ্যমে স্পেসএক্সের ইন্টারনেট কনস্টেলেশনে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের 'স্টারলিংক ভি৩' স্যাটেলাইট। পূর্বের পরীক্ষামূলক ফ্লাইটগুলো সাবঅরবিটাল বা উপ-কক্ষপথে সীমাবদ্ধ থাকলেও, এবারের ১৪তম টেস্ট ফ্লাইটে রকেটটি পৃথিবী থেকে ১৭১ মাইল ওপরে উঠে ১০ ঘণ্টায় ছয়বার পৃথিবী প্রদক্ষিণ করবে।
এবারের মিশনটি বাণিজ্যিক সেবার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হতে যাচ্ছে, কারণ এতে পাঠানো ২৬টি 'স্টারলিংক ভি৩' স্যাটেলাইট সরাসরি গ্রাহকদের সেবা প্রদান করবে। নতুন এই ভি৩ স্যাটেলাইটগুলো প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী; এটি প্রতি সেকেন্ডে ১ টেরাবিট ডাউনলিংক গতি দিতে সক্ষম, যা 'ভি২' সংস্করণের তুলনায় ১০ গুণেরও বেশি। এছাড়া এর ১৬০ জিবিপিএস আপলিংক সক্ষমতা আগের সংস্করণের চেয়ে ২২ গুণ শক্তিশালী। উৎক্ষেপণটি বাস্তবায়নে এখন শুধু নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
তথ্য: বিডিনিউজ / বিডিফেস