প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২৬, ৭:১৫ এ.এম
মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার
অ-অ+
অনলাইন
ডেস্ক:
দেশে আশঙ্কাজনক
হারে বাড়ছে সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তার, যার থাবায় বর্তমানে প্রায় ৮২
লাখ মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছেন। ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় মাদক আইন সংশোধন ও বিশেষ
আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
কর্মকর্তাদের আত্মরক্ষা ও অভিযানের স্বার্থে অস্ত্র দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একই
সঙ্গে ঝুলে থাকা হাজার হাজার মাদক মামলার দ্রুত নিষ্পত্তিতে গঠন করা হতে পারে ‘স্পেশাল
ট্রাইব্যুনাল’। বৃহস্পতিবার
(২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রগুলোর মাঝে অনুদানের
চেক হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, "বর্তমান মাদক আইন দিয়ে এই আধুনিক মাদকচক্রগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা
সম্ভব হচ্ছে না। মাদক চোরাকারবারিরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও আমাদের কর্মকর্তাদের
কাছে কোনো অস্ত্র নেই। এর ফলে মাঠপর্যায়ে তারা নিজেদের দক্ষতা পুরোপুরি কাজে লাগাতে
পারছেন না।" এই সংকট দূর করতে চলতি সংসদ অধিবেশনেই মাদক আইন সংশোধনের বিলটি উত্থাপিত
হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। মামলা
জট প্রসঙ্গে মন্ত্রী জানান, কেবল ঢাকাতেই বর্তমানে প্রায় ৮০ হাজার মাদক মামলা ঝুলে
আছে। জেলা শহরগুলোর চিত্রও একই রকম। প্রথাগত আদালতে এই বিপুল পরিমাণ মামলার বিচার করা
অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। তাই দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব
পাঠানো হয়েছে। তবে এই ট্রাইব্যুনালের পাশাপাশি সাধারণ আদালতেও নিয়মিত মামলার কাজ চলবে। মাদকাসক্তদের
চিকিৎসায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, ১ হাজার ৪১৩ কোটি টাকা
ব্যয়ে দেশের ৭টি বিভাগীয় শহরে ২০০ শয্যার সরকারি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র
নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে ৭৩টি
পুনর্বাসন কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more