প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৮, ২০২৬, ১২:৩৭ পি.এম
কবি সোলায়মান আহসানের ৭০তম জন্মদিন উদযাপিত
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজধানী ঢাকায় কবি ও কথাশিল্পী সোলায়মান আহসানের ৭০তম জন্মদিন উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক ম্যাগাজিন ‘ঝরোকা’র উদ্যোগে একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝরোকা সম্পাদক কবি ওয়াহিদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর। বক্তারা কবি সোলায়মান আহসানের দীর্ঘ সাহিত্যজীবন, তাঁর সৃজনশীল কর্ম এবং বাংলা সাহিত্যে অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তাঁরা কবির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সৃজনশীল সাহিত্যকর্মের ধারাবাহিকতা কামনা করে দোয়া করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, লেখক ও প্রকাশক তৌহিদুর রহমান, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আখতার, কবি ও সম্পাদক রেদওয়ানুল হক, সম্পাদক শাহাদাৎ সরকার, কবি গোলাম ইউসুফ, গল্পকার খন্দকার নূর হোসাইন, মাহবুব আলমসহ সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের আরও অনেক বিশিষ্টজন। এ সময় কবি ও সম্পাদক আফসার নিজাম কবি সোলায়মান আহসানের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রবন্ধ পাঠ করেন। কবির নির্বাচিত কবিতা আবৃত্তি করেন কবি ও সম্পাদক রহমান মাজিদ। কবি সোলায়মান আহসান বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কণ্ঠস্বর। তাঁর কবিতা ও গদ্যে মানবিক মূল্যবোধ, সমাজচেতনা ও সৌন্দর্যবোধের অনন্য প্রকাশ ঘটেছে। তাঁর ৭০তম জন্মদিন উদযাপন সাহিত্যপ্রেমীদের মধ্যে নতুন উৎসাহ সঞ্চার করেছে। অনুষ্ঠানটি শেষ হয় কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more