বঙ্গোপসাগরে দুটি ট্রলারডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ২
Date: 2026-07-08
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৮, ২০২৬, ১২:৫৬ পি.এম
বঙ্গোপসাগরে দুটি ট্রলারডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ২
অ-অ+
অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে দুটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ১৮ জন জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও ২ জন জেলে নিখোঁজ রয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১১টার দিকে, তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায়। নিখোঁজ জেলেরা হলেন কালাম পাইকার ও শহীদ, যাদের বাড়ি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে।
স্থানীয় ও উদ্ধার হওয়া জেলেদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তালতলী উপজেলার ফকিরহাট থেকে দুটি নামবিহীন ট্রলার ইলিশ শিকারের উদ্দেশ্যে কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে রওনা হয়। এর মধ্যে তপন জোমাদ্দারের ট্রলারে ১৩ জন এবং আলমগীর খলিফার ট্রলারে ৫ জন জেলে ছিলেন। রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে প্রথমে আলমগীর খলিফার ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের জেলেরা জীবন বাঁচাতে সাঁতরে তপন জোমাদ্দারের ট্রলারে গিয়ে আশ্রয় নেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড ঢেউয়ের তোড়ে দ্বিতীয় ট্রলারটিও সাগরে তলিয়ে যায় এবং সব জেলে সাগরে ভাসতে থাকেন।
পরবর্তীতে রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার ভাগ্যক্রমে সাগরে ভাসতে থাকা ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে পটুয়াখালী জেলার মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তবে বাকি দুজন জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে স্বজনরা নদীর পাড়ে আহাজারি করছেন এবং নিজস্ব উদ্যোগে খোঁজাখুজি চালাচ্ছেন।
ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি জানান, ১৬ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সমিতির পক্ষ থেকে নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বর্তমানে কোনো মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে নেই, সব ট্রলার সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয়ে রয়েছে। তবে সাগর অত্যন্ত উত্তাল থাকায় এই মুহূর্তে উদ্ধারকারী ট্রলার সমুদ্রে পাঠানো সম্ভব হচ্ছে না।
তালতলী কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম এবং তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলেই পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করা হবে। এছাড়া উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more