প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৮, ২০২৬, ১২:৪৭ পি.এম
রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস
অ-অ+
অনলাইন ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার এক রোহিঙ্গা শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে।
স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে অবস্থিত একটি মাদ্রাসায় হঠাৎ এই পাহাড়ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মাদ্রাসাটিতে নিয়মিত ক্লাস চলছিল। পাহাড়ধসের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে এক রোহিঙ্গা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানান, "পাহাড়ধসে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।"
টানা বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর মাটি নরম হয়ে এই ধসের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more