প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২৬, ৮:৩৭ এ.এম
জনদুর্ভোগ নিরসনে ইসলামী তরুণ সমাজের ড্রেন সংস্কার
অ-অ+
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌর এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে উদ্যোগী হয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘বাউফল ইসলামী তরুণ সমাজ’। সংগঠনটির স্বেচ্ছাশ্রমে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঋষি বাড়ি ও নার্সিং ইনস্টিটিউট সংলগ্ন সড়কের একটি ঝুঁকিপূর্ণ উন্মুক্ত ড্রেনের ঢাকনা সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সংগঠনের সদস্যরা ড্রেনটির খোলা ঢাকনা পুনঃস্থাপন করে সড়কটি নিরাপদ চলাচলের উপযোগী করে তোলেন। এতে দীর্ঘদিন ধরে চলা জনদুর্ভোগের অবসান হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্যস্ত এই সড়কের ড্রেনের ঢাকনাটি দীর্ঘদিন ধরে খোলা থাকায় পথচারী, শিক্ষার্থী ও গৃহপালিত প্রাণীদের দুর্ঘটনার ঝুঁকি ছিল। বিভিন্ন সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বাউফল ইসলামী তরুণ সমাজ নিজ উদ্যোগে ড্রেনটি সংস্কারের সিদ্ধান্ত নেয়। সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অলি উল্লাহ রিপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম তারা, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক প্রচার সম্পাদক সাফায়েত ইসলাম এবং সংগঠনের সমর্থক ইলিয়াস মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের অপেক্ষায় না থেকে তরুণদের এমন জনকল্যাণমূলক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এতে একদিকে দুর্ঘটনার ঝুঁকি কমেছে, অন্যদিকে সামাজিক দায়বদ্ধতারও একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সংগঠনের দায়িত্বশীলরা বলেন, সমাজের ছোট ছোট সমস্যাগুলো সমাধানে তরুণরা এগিয়ে এলে জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতেও জনস্বার্থে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে বাউফল ইসলামী তরুণ সমাজ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more