ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী
Date: 2026-06-17
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৭, ২০২৬, ৬:১৩ এ.এম
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী
অ-অ+
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রথম সরকারি
সফরে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫
ডিসেম্বর দেশে ফেরার পর, সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম বড় ধরনের তৃণমূল
সফর। মূলত সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষায় সরকারের নেওয়া 'ফ্যামিলি কার্ড' বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘটাতেই এই জনপদকে বেছে
নিয়েছেন তিনি। আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে
প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে কোনো আনুষ্ঠানিক যাত্রা বিরতি না করেই তিনি
সড়কপথে সরাসরি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন। দীর্ঘ সময় পর নিজ দেশের
মাটিতে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার এই তাগিদকে প্রধানমন্ত্রীর
বিশেষ রাজনৈতিক ও প্রশাসনিক কৌশল
হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। প্রধানমন্ত্রীর
আজকের দিনের মূল কর্মসূচি আবর্তিত হচ্ছে প্রান্তিক মানুষের কল্যাণে গৃহীত 'ফ্যামিলি কার্ড' প্রকল্পকে কেন্দ্র করে। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজ মাঠে এই কর্মসূচির জমকালো
উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি বিশেষ ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে কার্ড হস্তান্তর করবেন। রাজনৈতিক মহলের মতে, নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে এই ফ্যামিলি কার্ড
প্রকল্পকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক সমীকরণ জোরদারেও গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। বিকেলে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের
শীর্ষ দলীয় নেতাদের সঙ্গে তার একটি বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। দীর্ঘ দিন পর মাঠপর্যায়ের নেতাদের
সাথে সরকারপ্রধানের এই সরাসরি বৈঠক
আগামী দিনে সরকারের নীতি নির্ধারণ ও তৃণমূলের সমন্বয়
সাধনে বড় ভূমিকা রাখবে
বলে ধারণা করা হচ্ছে। দলীয় সভা শেষে আজ বিকেলেই সিলেট
হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্বাচনী প্রচারণার পর প্রধানমন্ত্রী হিসেবে
তাঁর এই প্রথম মৌলভীবাজার
সফরকে ঘিরে পুরো সিলেট বিভাগজুড়েই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more