প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৭, ২০২৬, ১২:৫৪ পি.এম
দুমকিতে ২০ লাখ টাকার রেনু জব্দ, পায়রায় অবমুক্ত
অ-অ+
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ট্রাকভর্তি ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু (পোনা) জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। জব্দকৃত রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকে বিপুল পরিমাণ চিংড়ির রেনু পরিবহন করা হচ্ছে এমন তথ্য পেয়ে এলাকাবাসী ট্রাকটি আটক করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় ট্রাকভর্তি ৪৩ ড্রাম চিংড়ির রেনু জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে রেনু ব্যবসায়ী ও ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রেনুগুলো অবৈধভাবে সংগ্রহ ও পরিবহন করা হচ্ছিল। পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণ আইনের পরিপন্থী হওয়ায় সেগুলো জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মৎস্য বিভাগের কর্মকর্তারা পায়রা সেতু সংলগ্ন পায়রা নদীর উন্মুক্ত জলাশয়ে জব্দকৃত রেনু অবমুক্ত করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে জব্দকৃত চিংড়ির রেনু নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।” অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে চিংড়ির রেনু আহরণ, সংরক্ষণ ও পরিবহন রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more