বাউফলে কৃষকের ফলজ গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

Date: 2026-05-10
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের বিভিন্ন ফলজ ও কৃষিজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (১০ মে) উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর আয়নাবাজ কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী কৃষক ইদ্রিস খন্দকার জানান, তার কবলাকৃত প্রায় সাড়ে ৬ শতাংশ জমিতে স্থানীয় শহিদুল ও তার স্ত্রী আমেনা খাতুন অনধিকার প্রবেশ করেন। পরে তাদের অনুপস্থিতিতে জমিতে থাকা পেঁপে, কলা, বেগুন, মরিচ ও বিপুল পরিমাণ পানিকচুর গাছ কেটে ফেলেন।
তিনি আরও অভিযোগ করেন, বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন। এছাড়া মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর ভয়ভীতিও দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত আমেনা খাতুন বলেন, “স্থানীয় সার্ভেয়ার মন্নান খান জমিটি আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমাদের অনুপস্থিতিতে ওই জমিতে গাছ লাগানো হয়েছিল। তাই আমরা গাছগুলো কেটে ফেলেছি।”
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave Your Comments