উচ্চতর বিজ্ঞান ও গবেষণার ভিত্তি গড়ে দেয় ইউক্লিডীয় জ্যামিতি
Date: 2026-08-01
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০১, ২০২৬, ১১:২৫ পি.এম
উচ্চতর বিজ্ঞান ও গবেষণার ভিত্তি গড়ে দেয় ইউক্লিডীয় জ্যামিতি
অ-অ+
অনলাইন ডেস্ক:
আধুনিক গণিত ও বিজ্ঞানচর্চার মৌলিক ভিত্তি গড়ে তুলতে গ্রিক গণিতজ্ঞ ইউক্লিডের 'এলিমেন্টস'-এর ভূমিকা অপরিসীম। জ্যামিতির মৌলিক যৌক্তিক কাঠামো না বুঝে কেবল ফলাফলের পেছনে ছুটলে উচ্চতর গবেষণায় মৌলিক অবদান রাখা অসম্ভব হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানবক্তারা। রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত ‘মহাবিশ্বের জ্যামিতি: এলিমেন্টস, নন-ইউক্লীডিয় জ্যামিতি এবং রিলেটিভিটি’ শীর্ষক এক বিজ্ঞান বক্তৃতায় বক্তারা এসব কথা বলেন। দেশের জনপ্রিয় সাময়িকী *বিজ্ঞানচিন্তা* আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদানকালে 'মহাবৃত্ত'-এর সম্পাদক ও বিজ্ঞানবক্তা আসিফ জানান, ইউক্লিডের পদ্ধতি দেখায় কীভাবে কয়েকটি মাত্র মৌলিক নীতি থেকে বিশাল এক জ্ঞানের জগৎ গড়ে ওঠে। তিনি বলেন, আলবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন বা গ্যালিলিও গ্যালিলেইর মতো বিখ্যাত বিজ্ঞানীদের ভাবনার বিকাশেও এই গণিতগ্রন্থের গভীর প্রভাব ছিল। বাংলাদেশে বিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে জ্যামিতির যৌক্তিক প্রমাণের ওপর পর্যাপ্ত জোর না দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মৌলিক শিক্ষা শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী বলেন, ইউক্লিডের ধারণা থেকে বেরিয়ে পরবর্তীতে বোলিয়াই, লোবাচেভস্কি ও রিম্যানের বিকশিত 'নন-ইউক্লিডীয় জ্যামিতি'র পথ ধরেই আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব এবং স্থান-কালের বক্রতার আধুনিক ব্যাখ্যা সম্ভব হয়েছে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশে বিমূর্ত ও মৌলিক গণিতচর্চার প্রতি আগ্রহ দিন দিন কমছে, যা ভবিষ্যৎ গবেষণার জন্য একটি বড় বাধা।
বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার জানান, তরুণদের মধ্যে যৌক্তিক মানসিকতা গড়ে তুলতে এবং বিজ্ঞান চর্চাকে সহজবোধ্য করতে এ ধরনের সভা ও সেমিনারের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে। আলোচনা শেষে একটি কুইজ প্রতিযোগিতা ও বই বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more