সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে সরকার
অক্টোবর ১৮, ২০২৬, ৫:১৪ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২৬, ৫:১৪ এ.এম
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে সরকার
অ-অ+
অনলাইন ডেস্ক:
সৌদি আরবে মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি বাংলাদেশি এক পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ও বিস্তারিত তথ্য পায়নি বাংলাদেশ। পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর বিস্তারিত জানতে সৌদি সরকারকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। তিনি এই ঘটনাকে অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত’ বলে অভিহিত করেন।
প্রতিমন্ত্রী জানান, গত ১৪ অক্টোবর বাংলাদেশ জানতে পারে যে সৌদি আরবের আইনে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তা কার্যকরও করা হয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো, সর্বোচ্চ এই শাস্তি কার্যকরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনকে আগে থেকে কিছুই জানানো হয়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিকের নাম নজরুল ইসলাম আবদুল বশির ও সিথি আক্তার বলে জানা গেছে।
এই শাস্তির সম্ভাব্য কারণ সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সৌদি আরবে বাংলাদেশের মিশনের শ্রমকল্যাণ উইং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ওই দুজন ব্যভিচারে লিপ্ত ছিলেন। সৌদি কর্তৃপক্ষ বিষয়টিকে তাদের দেশের আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেছে এবং সে অনুযায়ী আদালত এই রায় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে যেহেতু এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি, তাই নিশ্চিত করে এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলে স্পষ্ট করেন তিনি।
এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, এ ঘটনার পর বাংলাদেশ যা যা বিস্তারিত জানা প্রয়োজন, তার সবকিছুই লিখিতভাবে সৌদি সরকারের কাছে জানতে চেয়েছে। দেশটির পক্ষ থেকে জবাব আসার পরই কেবল মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব হবে।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া সৌদি আরবের একটি সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বর্তমানে সেই সফরের প্রস্তুতিও চলছে।
পরিশেষে বিদেশে কর্মরত সকল বাংলাদেশির প্রতি হুশিয়ারি উচ্চারণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে কাজ করতে যাওয়া প্রতিটি নাগরিককে অবশ্যই সেই দেশের আইনকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো দেশে গিয়ে অপরাধ করলে যেমন স্থানীয় আইন অনুযায়ী বিচার হয়, তেমনি এটি সবার জন্য একটি বড় শিক্ষা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more