প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২৬, ১১:৩৯ এ.এম
কোনো চাঁদাবাজ আর দখলবাজ থাকতে পারবে না : চিফ হুইপ
অ-অ+
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, চাঁদাবাজি আর দখলবাজদের বেতাগীতে কোনো জায়গা নেই। ওসি সাহেব আপনাকে আমি এখানে বললাম চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, আপনি আমাকে বলবেন। সন্ত্রাসী ও দখলবাজদের নিয়ে থানার ওসিকে এমন কঠোর নির্দেশনা দিয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর-রশীদ, সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওসিকে উদ্দেশে চিফ হুইপ বলেন, কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া যাবেনা। মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজি,দখলবাজ এবং কিশোর গ্যাং যদি নির্মূল করতে পারেন, তা হলে আপনি থাকবেন, না হয় থাকবেন না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মানোন্নয়ন প্রশাসনের অন্যতম দায়িত্ব। সার্বিক উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানান তিনি।
চিফ হুইপ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
এছাড়াও তিনি বেতাগী উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন, পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ এবং বেতাগী পৌরসভার উদ্যোগে নির্মিত ‘পৌর পাঠাগার’ উদ্বোধন করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more