প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ২৫, ২০২৬, ১১:৫১ এ.এম
পটুয়াখালী হাসপাতালে ১৩০ পদ শূন্য, সেবা ব্যাহত
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে ১৭ জন কনসালটেন্টসহ মোট ১৩০টি পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অনুমোদিত ৪২৮টি পদের বিপরীতে বিশাল এই শূন্যতার কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে ৯টি সিনিয়র কনসালটেন্ট ও ৮টি জুনিয়র কনসালটেন্ট পদ খালি থাকায় বিশেষজ্ঞ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ ছাড়া আবাসিক ফিজিশিয়ান, আবাসিক সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট, ইমারজেন্সি মেডিকেল অফিসার ও সহকারী সার্জনসহ মোট ৪৫টি পদে কোনো ডাক্তার নেই।
চিকিৎসকের পাশাপাশি হাসপাতালে সাপোর্ট স্টাফ ও প্রশাসনিক পদেও তীব্র সংকট বিদ্যমান। রেডিও, ইপিআই ও ডেন্টালের মতো গুরুত্বপূর্ণ মেডিকেল টেকনোলজিস্ট পদ, প্যাথলজিস্ট এবং অফিস সহকারী পদগুলো খালি থাকায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে ৪০ জন পরিচ্ছন্নতা কর্মীর স্থানে কাজ করছেন মাত্র ১৮ জন এবং ১৮ জন দারোয়ানের বদলে মাত্র ৯ জন নিয়োজিত রয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, অনুমোদিত ১৭৬টি নার্সিং পদের মধ্যে ১৭৫ জন নার্স ও মিডওয়াইফ পদে কর্মরত আছেন। সার্বিক সংকট নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমীন লিজা জানান, জনবল ঘাটতি পূরণ করে সেবা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more