পাবনায় চলন্ত ট্রেনের ছাদ থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার
Date: 2026-07-07
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৭, ২০২৬, ১২:৫০ পি.এম
পাবনায় চলন্ত ট্রেনের ছাদ থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার
অ-অ+
অনলাইন ডেস্ক:
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে একটি শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছালে যাত্রীরা মরদেহটি দেখতে পান এবং কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত শিশুটির নাম নিরব হোসেন (১১)। সে বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের বাসিন্দা মৃত ভিরু মিয়ার ছেলে। তার মাথায় স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, ট্রেন স্টেশনে থামার পর কয়েকজন যাত্রী ছাদে উঠতে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করা হলে রেলওয়ে পুলিশ মরদেহ সরিয়ে নেয়। ঈশ্বরদী রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন চলন্ত অবস্থায় কোনো রেলসেতুর সঙ্গে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রেনের ছাদে ভ্রমণের ঝুঁকি নিয়ে আবারও সতর্কতা জারি করার দাবি উঠেছে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more