নলছিটিতে পকেটমার সন্দেহে বৃদ্ধার মাথা ন্যাড়া

Date: 2026-04-05
news-banner

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় পকেটমারের সন্দেহে এক বৃদ্ধার মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার নাচনমহল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক হাট উপলক্ষে বাজারে আসা রানাপাশা এলাকার রুস্তম আলী নামে এক ব্যক্তির পকেট থেকে ১,৫০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে এক ষাটোর্ধ্ব বৃদ্ধার বিরুদ্ধে।
এ অভিযোগে স্থানীয় কয়েকজন তাকে আটক করে। পরে হারদল গ্রামের পান্নু হাওলাদারসহ কয়েকজনের নেতৃত্বে জনসম্মুখে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত কয়েকজন ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়, যা নিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
তবে অভিযুক্ত ওই বৃদ্ধার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments