নদী ও সড়কপথে বরিশাল অভিমুখে ড. শফিকুল ইসলাম মাসুদের বিশাল বহর
Date: 2026-07-18
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৮, ২০২৬, ৬:৫৭ এ.এম
নদী ও সড়কপথে বরিশাল অভিমুখে ড. শফিকুল ইসলাম মাসুদের বিশাল বহর
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বরিশালে আয়োজিত ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে হাজার-হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে যাত্রা করেছেন জামায়াত নেতা ও স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। আজ শনিবার সকালে নদী ও সড়কপথে বিশাল এই বহর বরিশালের উদ্দেশ্যে রওনা হয়।
সকালে 'ধুলিয়া-১' লঞ্চযোগে বাউফলের সিংহভাগ নেতাকর্মী বরিশালের উদ্দেশ্যে রওনা করেন। লঞ্চটি ধুলিয়া ঘাট থেকে ছেড়ে পর্যায়ক্রমে নিমদি ও কালাইয়া ঘাট থেকে জামায়াত ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকদের তুলে নেয়। এছাড়া হাজার হাজার সমর্থক মোটরসাইকেল বহর ও বিভিন্ন গণপরিবহনে করে সড়কপথে সমাবেশে যোগ দিচ্ছেন।
লঞ্চে থাকা ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম জানান, বাউফলের সাধারণ মানুষের মধ্যে আজ বাঁধভাঙা জোয়ার সৃষ্টি হয়েছে। দেশের ৭০ শতাংশ মানুষ যে গণভোটের বাস্তবায়ন চায়, সেই দাবি আদায় এবং দক্ষিণাঞ্চলের অবহেলিত এলাকার সার্বিক উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়নে সংহতি জানাতেই তারা এই সমাবেশে যোগ দিচ্ছেন।
উল্লেখ্য, বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন '১১ দলীয় ঐক্য'-এর এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির দাবিতে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে সমাবেশে এনসিপি, এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও সমাবেশস্থলে উপস্থিত থাকার কথা রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more