নির্বাচন নিখুঁত করাই মূল চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

Date: 2026-02-07
news-banner

অনলাইন ডেক্স:

নির্বাচন প্রস্তুতি এখন পর্যন্ত সন্তোষজনক হলেও এটিকে আরও নিখুঁত করাই এখন প্রধান চ্যালেঞ্জ-এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার বরাতে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা লক্ষ্য করেছেন যে সারাদেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কোনো কটু বক্তব্য বা অশোভন আচরণ দেখা যাচ্ছে না, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন-নির্বাচন হবে উৎসবমুখর ও নিরাপদ, যেখানে নারীসহ সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে অংশ নিতে পারবেন। নির্বাচন নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব জানান, সারাদেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা সরবরাহ করা হচ্ছে।

নির্বাচনে সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছে-সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮০ হাজার ৮৮৫ জন, বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন, পুলিশের ১ লাখ ৫৭ হাজার এবং আনসারের ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন সদস্য। ২৯৯ আসনে মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন এবং পুরুষ প্রার্থী ১ হাজার ৯৪৬ জন। নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৪০০ জন বিদেশি ও ৫০০ জন দেশি পর্যবেক্ষক থাকবেন।

 

তথ্য- বিডি প্রতিদিন

বিডিফেস/এম ডিউক

Leave Your Comments