নাটোরের লালপুরে বাড়িতে ঢুকে হামলা ও নারী নির্যাতনের
Date: 2026-08-25
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ২৫, ২০২৬, ৬:০১ এ.এম
নাটোরের লালপুরে বাড়িতে ঢুকে হামলা ও নারী নির্যাতনের
অ-অ+
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া নতুনপাড়া এলাকায় পূর্ববিরোধ ও কথাকাটাকাটির জেরে একটি বাড়িতে ঢুকে হামলা, পরিবারের সদস্যদের মারধর, নারীর শ্লীলতাহানির চেষ্টা এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতরা লালপুর ও পার্শ্ববর্তী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগী মনিরা খাতুন বাদী হয়ে লালপুর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার পেছনে মূল কারণ ছিল ভুক্তভোগী মনিরা খাতুনের ছেলে হাফিজুল ইসলামকে ‘পাগল’ বলাকে কেন্দ্র করে স্থানীয় আইনাল কাজীর সঙ্গে সৃষ্ট বাদানুবাদ। অভিযোগ অনুযায়ী, এই ঘটনার জেরে আব্দুর রহমান সজল, রিজভী আহম্মেদ, দুলাল হোসেন ও আইনাল কাজীসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে মনিরা খাতুনের বাড়িতে হামলা চালায়। মনিরার স্বামী বাধা দিলে তাকে রড ও গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তার দুই ছেলেও হামলার শিকার হন। একপর্যায়ে মনিরা খাতুন তাদের বাঁচাতে গেলে আব্দুর রহমান সজল তাকে মারধর করে মাটিতে ফেলে দেন, পোশাক ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা চালান এবং তার গলায় থাকা আনুমানিক এক লাখ টাকা মূল্যের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে অভিযুক্ত দুলাল হোসেনের দাবি, তারা ভুক্তভোগীদের আত্মীয় এবং মারামারি থামাতে গিয়ে তিনি ও তার ছেলেও আহত হয়েছেন। এই ঘটনায় বাঘা ও লালপুর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ জমা পড়েছে। দুই থানার পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more